শাবিপ্রবির রাস্তা মেরামতে শিক্ষার্থীরা, শ্রেণিকক্ষের জ্ঞান প্রয়োগ মাঠে
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ AM

শাবিপ্রবির রাস্তা মেরামতে শিক্ষার্থীরা, শ্রেণিকক্ষের জ্ঞান প্রয়োগ মাঠে

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ১০:০১:২৭ AM

শাবিপ্রবির রাস্তা মেরামতে শিক্ষার্থীরা, শ্রেণিকক্ষের জ্ঞান প্রয়োগ মাঠে


শ্রেণিকক্ষের প্রকৌশল জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরি করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের ২৫ শিক্ষার্থী সরাসরি রাস্তা মেরামতের কাজে অংশ নিচ্ছেন। আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের আওতায় ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে ক্যাম্পাসের ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে কাজ করছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের কারণে গত দেড় বছরে ক্যাম্পাসে ভারী যানবাহনের চলাচল বেড়েছে। এতে অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। সেই সমস্যা কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা দিতে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পটির দায়িত্ব দেওয়া হয়েছে সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহিদুর রহমানকে। তাঁর তত্ত্বাবধানে ২৫ শিক্ষার্থীর সঙ্গে ১০ জন শ্রমিক কাজ করছেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের অংশে ২২ মিটার আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকায় ওই অংশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধান ফটক থেকে গোলচত্বর হয়ে শাহপরাণ হলের গেট পর্যন্ত সড়ক মেরামতের কাজ চলছে। একইভাবে শাহপরাণ হলের গেট থেকে সৈয়দ মুজতবা আলী হল পর্যন্ত অংশেও কাজ করা হচ্ছে। গোলচত্বর থেকে ফাতেমাতুজ জাহরা হল পর্যন্ত সড়কও মেরামতের আওতায় আনা হবে।

সব মিলিয়ে প্রায় ২ হাজার ২৮৩ মিটার সড়ক মেরামতের পরিকল্পনা রয়েছে। কাজে রাবিশ অর্থাৎ ভাঙা ইট, বালু ও সিমেন্টের গ্রাউটিং ব্যবহার করা হচ্ছে।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক শাহিদুর রহমান জানান, যন্ত্রপাতি কেনা, শ্রমিকের মজুরি ও আনুষঙ্গিক ব্যয় মেটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ লাখ ২২ হাজার টাকা বাজেট দিয়েছে।

শিক্ষার্থীরা শুধু শ্রমিকদের সঙ্গে মেরামতকাজে অংশ নিচ্ছেন না, তাঁরা সড়কের ক্ষতির ধরন শনাক্ত করে প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত নিচ্ছেন। কোন পদ্ধতিতে কাজ করলে রাস্তা দীর্ঘস্থায়ী হবে, সে বিষয়েও বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন তাঁরা।

সিইই বিভাগের শিক্ষার্থী নাদির-উজ্জামান বলেন, গত ছয়-সাত বছরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, শিক্ষার্থীরা হাতে-কলমে এ ধরনের কাজে অংশ নেওয়ার সুযোগ পাননি। প্রশাসনের উদ্যোগে এবার তাঁরা বাস্তবে কাজ শেখার সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, রাস্তার কোন অংশে কী ধরনের সমস্যা হয়েছে এবং সেখানে কোন উপকরণ ব্যবহার করা প্রয়োজন, তা সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন তাঁরা। এর ফলে কাজ শেখার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও বাড়ছে। ভবিষ্যতে প্রকৌশলী হিসেবে মাঠপর্যায়ে কাজ করার ক্ষেত্রে এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যাপক শাহিদুর রহমান জানান, প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘শেখার ফলাফল থেকে প্রকৌশলচর্চা : শাবিপ্রবিতে সড়ক রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক নিরাপত্তায় ওবিই-ভিত্তিক সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ’।

তিনি বলেন, কাজটিকে ইন্টার্নশিপ হিসেবে বিবেচনা করে অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হবে। শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি এবং ক্যাম্পাসের ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

তাঁর ভাষ্য, এ কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে তাঁর নিজের আত্মবিশ্বাসও বেড়েছে বলে জানান তিনি।

অধ্যাপক শাহিদুর রহমান বলেন, উপাচার্য কাজটির দায়িত্ব দেওয়ার পর তিনি শিক্ষার্থীদের নিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় কাজ করার মনোবল তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, শাবিপ্রবিতে প্রথমবারের মতো ওবিই কারিকুলামের অংশ হিসেবে শিক্ষার্থীদের সরাসরি বাস্তব কাজের সুযোগ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি তাঁদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থাও হয়েছে।

তিনি জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। একই সঙ্গে কম খরচে ক্যাম্পাসের রাস্তা মেরামত করা সম্ভব হচ্ছে। এ কাজ থেকে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর