বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ১০:০৯:৫৩ পূর্বাহ্ন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দুই দিনের কর্মসূচি। সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া-মোনাজাত, স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করেছে সংগঠনটি।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে যুবদলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা এতে অংশ নেবেন।

এরপর দুপুর ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শুরু হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প।

কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট ইউনিটগুলো নিজেদের নির্ধারিত সময়ে এসব কর্মসূচি পালন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন বুধবার (২৮ অক্টোবর) দেশের সব উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সংশ্লিষ্ট ইউনিটগুলোর সুবিধাজনক সময়ে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর