বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০৯:০২:১৫ অপরাহ্ন

হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত


একটি নষ্ট কম্পিউটার মেরামত করে বাড়ি ফিরছিলেন তানভীর আহমদ। কিন্তু হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে থেমে যায় তাঁর পথচলা। বুধবার (৪ নভেম্বর) রাতে বাসচাপায় প্রাণ হারান ২৫ বছর বয়সী এই যুবক।

নিহত তানভীর আহমদ হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা সবরাজ মিয়ার ছেলে। তাঁর পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর লাখাইয়ে নানাবাড়িতে থেকে বেড়ে ওঠেন তিনি।

পুলিশ জানায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জে গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের আওতাধীন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় একটি টমটমকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে তানভীরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত তানভীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে লাশ ময়নাতদন্ত ছাড়া লাশটি নিতে তানভীরের পরিবারের পক্ষ থেকে এডিএম বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। তবে; এখন পর্যন্ত এই ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর