মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ AM

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৫:১০:২৭ PM

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩


হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি। গ্রেফতার অপর দুজন রসুলপুর গ্রামে সংঘটিত একটি পুরাতন ডাকাতি মামলার আসামি।

রোববার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে প্রথম অভিযানটি চালানো হয় ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামে। সেখান থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করা হয়। তিনি বৈষ্ণবপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

একই রাতে রসুলপুর গ্রামে সংঘটিত একটি পুরাতন ডাকাতি মামলায় অভিযান চালিয়ে শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল (২৪) এবং আরিয়ান আহমেদ রিফাত (২২) নামে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর (পূর্বপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। অপর আসামি আরিয়ান আহমেদ রিফাত একই গ্রামের এমদাদুল হকের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়া জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর