রাত তখন একটা। ওয়াজ মাহফিলের বয়ান শেষ করে মাদরাসার পক্ষ থেকে এক হালি কমলা নিলামে তুললেন প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। শুরু হলো ডাক। শেষ পর্যন্ত চারটি কমলার দাম উঠল ৫০ হাজার টাকা। সেই দামেই কমলাগুলো কিনে নিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন। বুধবার (৭ অক্টোবর) রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার ওয়াজ মাহফিলে ঘটে ব্যতিক্রমী এই ঘটনা।
মাহফিল সূত্রে জানা যায়, রাতে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে মাদরাসার পক্ষ থেকে চারটি কমলা নিলামে তোলা হয়। পুরো ওয়াজ মাহফিলের পাশাপাশি নিলামের পর্বটিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
নিলাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দাম হাঁকান যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন। পরে ওই দামেই এক হালি কমলা তাঁর কাছে বিক্রি করা হয়।
মাহফিলে উপস্থিত শ্রোতারা জানান, সাধারণত দোয়ার আগে এসব ফল নিলামে তোলা হয়। নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল উদ্দেশ্য থাকে মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা। সাধারণ মানুষের সহায়তার ওপর নির্ভর করেই এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়।
আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যেই তাঁর বাবা কমলাগুলো কিনেছেন। পাশাপাশি বছরে ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তিনি। মাদরাসার উন্নয়নে তাঁর বাবা সবসময় পাশে থাকেন বলেও জানান ছেলে।
মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদরাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আধা কেজি খেজুরও নিলামে তুলে ১৫ হাজার টাকা পাওয়া গেছে।
তাঁরা বলেন, ফলগুলোর দাম এত বেশি ওঠার মূল কারণ হলো মাদরাসার জন্য সহযোগিতা সংগ্রহ করা। নিলামে ফল কিনেছেন যারা, তারা মাদরাসার শুভাকাঙ্ক্ষী।
আজকের সিলেট/ জেকেএস
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 








