সিলেটে দুই দিনের ট্যালেন্ট হান্ট, নতুন নারী ফুটবলার খুঁজবেন পিটার
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ PM

সিলেটে দুই দিনের ট্যালেন্ট হান্ট, নতুন নারী ফুটবলার খুঁজবেন পিটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০২:৩০:৫৫ PM

সিলেটে দুই দিনের ট্যালেন্ট হান্ট, নতুন নারী ফুটবলার খুঁজবেন পিটার


বাংলাদেশের নারী ফুটবলে নতুন প্রতিভা খুঁজে বের করতে সিলেটে দুই দিনব্যাপী ট্যালেন্ট হান্ট আয়োজন করতে যাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। আগামী শনি ও রবিবার অনুষ্ঠিত হবে এই আয়োজন।

মূলত অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করাই এই উদ্যোগের লক্ষ্য। এর মধ্যে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের মেয়েরা সিলেটের এই ট্যালেন্ট হান্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশের নারী ফুটবলে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতিভা অন্বেষণের আয়োজন খুব একটা দেখা যায় না। বিশেষ করে ঢাকার বাইরে নিয়মিতভাবে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সুযোগ সীমিত। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা সম্ভাবনাময় ফুটবলারদের অনেকেই জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ পান না।

এর পাশাপাশি নারী ফুটবল লিগ নিয়মিত না হওয়া এবং প্রতিযোগিতার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এতে নতুন খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগও কমেছে। এই ঘাটতি পূরণে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নিয়েছেন পিটার বাটলার।

আফ্রিকায় কাজ করার সময় এ ধরনের ট্যালেন্ট হান্ট আয়োজনের অভিজ্ঞতা রয়েছে পিটারের। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বাংলাদেশে সম্ভাবনাময় নারী ফুটবলার খুঁজে বের করার পরিকল্পনা করছেন তিনি।

সিলেটের এই আয়োজনে স্থানীয় ও আশপাশের এলাকার প্রতিভাবান মেয়েরা নিজেদের ফুটবল দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও একই ধরনের ট্যালেন্ট হান্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর