শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

দিরাই-শাল্লার সম্প্রীতি অটুট রাখার আহ্বান সংসদ সদস্য নাছির উদ্দীনের

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৩:৩৭:৫১ অপরাহ্ন

দিরাই-শাল্লার সম্প্রীতি অটুট রাখার আহ্বান সংসদ সদস্য নাছির উদ্দীনের


সুনামগঞ্জের দিরাই-শাল্লায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। শুক্রবার দিরাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন চৌধুরী বলেন, দিরাই-শাল্লা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে পরিচিত। এই ঐতিহ্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার আগে দুর্গাপূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলবেন বলে জানান সংসদ সদস্য। একই সঙ্গে কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপের সরকারি বরাদ্দের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারকে প্রতিটি মণ্ডপে এক টন করে চাল বরাদ্দ দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

ইউএনও সঞ্জীব সরকারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক মনোজ পুরকায়স্থ, সদস্য সচিব স্বাধীন চৌধুরী, পৌর পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক বকুল বনিক এবং পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি হরি দেবনাথ।

এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। সবার সম্মিলিত উদ্যোগে দিরাইয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর