শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর কুলাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৮:৫৮:২৩ অপরাহ্ন

ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর কুলাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার


ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মৌলভীবাজারের কুলাউড়ায় জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মনু রেলস্টেশনসংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জুবায়ের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কুলাউড়ার বাড়ির উদ্দেশে রওনা হন জুবায়ের। ওই দিন রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁকে খুঁজে পেতে যোগাযোগের নম্বরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেন স্বজনেরা।

শুক্রবার সকালে মনু রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর