শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

জুড়ীতে মসজিদে শিরনি বিতরণ নিয়ে বিরোধ, বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহতের অভিযোগ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৮:৫১:৩৪ অপরাহ্ন

জুড়ীতে মসজিদে শিরনি বিতরণ নিয়ে বিরোধ, বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহতের অভিযোগ


মৌলভীবাজারের জুড়ীতে জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুনিম আহমদ (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নামাজের পর মসজিদে শিরনি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ভাই রাশিদ আলী, তাঁর ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১২ জন মুনিমের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাকপ্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেব।”

এ বিষয়ে কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর