শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

মেয়ের শ্বশুরবাড়িতে বিরোধ মীমাংসায় গিয়ে প্রাণ গেল আব্দুর রহমানের

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৮:৪৭:৫৭ অপরাহ্ন

মেয়ের শ্বশুরবাড়িতে বিরোধ মীমাংসায় গিয়ে প্রাণ গেল আব্দুর রহমানের


মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতারপ্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়েছে। গাছ বিক্রির টাকা ও জমিজমা নিয়ে মুন্না আহমদের ভাই ওমর ফারুকের সঙ্গে পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার রাতে সেই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে মেয়ের শ্বশুরবাড়িতে যান আব্দুর রহমান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ওমর ফারুক দা দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে স্বজনেরা আব্দুর রহমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর