সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৯ ও ১০ অক্টোবর মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ছয় মাস, একজনের এক বছর দুই মাস এবং অন্যজনের ১০ মাস। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৮০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০ জন। দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৯০।
জেলাভিত্তিক হিসাবে, নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি সিলেটে ৪২২ জন। সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জের এই সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন। সব মিলিয়ে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৫।
মৃত্যুর সংখ্যায়ও শীর্ষে রয়েছে সিলেট জেলা। সেখানে সন্দেহজনক হাম রোগে ৭৪ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৬৮ জন এবং নিশ্চিত হাম রোগে একজন মারা গেছেন। হবিগঞ্জে এই দুই শ্রেণিতে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ২৪ ও চার। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি ছিলেন ৫১৫ জন।
আজকের সিলেট/ জেকেএস









