মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খালের ওপর নির্মিত একটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বটতলা বাজারে সরকারি খালের ওপর আব্দুল আহাদ মিয়া একটি ভবন নির্মাণ করেছিলেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে এক্সকাভেটর দিয়ে ভবনটির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে প্রণয় বিশ্বাস বলেন, সরকারি খালের ওপর নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলায় সরকারি জায়গায় থাকা অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদের চেষ্টা করা হবে।
সরকারি জায়গা ও খাল দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আজকের সিলেট/ জেকেএস
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








