সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ যুবক শাহিন আহমদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুর আনুমানিক ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম রোববার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “সীমান্ত থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শাহিন আহমদ কানাইঘাট উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে বলে জানা গেছে।
আজকের সিলেট/ জেকেএস









