পাস্তা খেতে পছন্দ করেন অনেকেই। সুস্বাদু এই খাবারটি তৈরি করাও বেশ সহজ। ব্যস্ততার মধ্যে অল্প সময়ে মুখরোচক কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন প্রন পাস্তা। এর জন্য রেস্টুরেন্টে গিয়ে বাড়তি টাকা খরচ করার প্রয়োজন নেই। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যাবে মজাদার এই খাবার।
চলুন, জেনে নেওয়া যাক প্রন পাস্তা তৈরির সহজ রেসিপি।
যেসব উপকরণ লাগবে
পাস্তা — ২৫০ গ্রাম
চিংড়ি — ১ কাপ
চিজ — ১০০ গ্রাম
রসুন কুচি — ১ চা-চামচ
পেঁয়াজ কুচি — ১টি
মেয়োনেইজ — ৫০ গ্রাম
চিনি — ১ চা-চামচ
গোলমরিচ গুঁড়া — আধা চা-চামচ
তরল দুধ — ২ টেবিল-চামচ
কাঁচা মরিচ কুচি — ২টি
অলিভ অয়েল — ১ টেবিল-চামচ
লবণ — স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
ধাপ ১: পাস্তা সেদ্ধ করুন
একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে সামান্য তেল দিন। এবার পাস্তা দিয়ে প্রায় পাঁচ মিনিট সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে পাস্তা একটি বাটিতে তুলে রাখুন।
ধাপ ২: পেঁয়াজ-রসুন ভেজে নিন
একটি প্যানে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিন। বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন।
ধাপ ৩: চিংড়ি রান্না করুন
ভাজা পেঁয়াজ-রসুনের সঙ্গে চিংড়ি, স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ কুচি যোগ করুন। প্রায় দুই মিনিট রান্না করুন।
ধাপ ৪: তৈরি করুন সস
এবার প্যানে তরল দুধ দিয়ে দিন। এরপর গোলমরিচ গুঁড়া, চিজ, মেয়োনেইজ ও চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। সব উপকরণ মিশে ঘন ও মসৃণ সস তৈরি হলে চুলা থেকে নামিয়ে নিন।
ধাপ ৫: পাস্তার সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন
সেদ্ধ করে রাখা পাস্তার ওপর তৈরি সস ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু প্রন পাস্তা। গরম গরম পরিবেশন করুন ঘরে তৈরি এই মজাদার খাবার।
আজকের সিলেট/ জেকেএস
লাইফস্টাইল ডেস্ক 








