হবিগঞ্জের বাহুবলে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মরদেহ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দ্বীপ উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। তার বয়স ছিল মাত্র ৩ বছর ৩ মাস।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওর সুবাদে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে ওঠে শিশুটি।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার কালবেলাকে বলেন, পানিতে ডুবে তিন বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
দ্বীপের মৃত্যুর খবর কাকা বিপ্লব শীলও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক জানান অসংখ্য মানুষ। ছোট্ট দ্বীপের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরে মন্তব্য করেন অনেকে।
আজকের সিলেট/ জেকেএস
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি 








