বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি গাছ চুরি, মূল্য আড়াই থেকে ৩ লাখ টাকা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৬:৪১:৪০ অপরাহ্ন

কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি গাছ চুরি, মূল্য আড়াই থেকে ৩ লাখ টাকা


মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর সড়কের পাশ থেকে ইউক্যালিপটাস, জামসহ বিভিন্ন প্রজাতির ১৪টি বড় গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে সড়কের ঘোরামারা এলাকায় এ ঘটনা ঘটে। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই থেকে তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঘোরামারা এলাকায় সড়কের পাশে থাকা ১০ থেকে ১২ বছর বয়সী গাছগুলো কেটে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে গাছের গোড়াগুলো পড়ে রয়েছে। স্থানীয়দের ধারণা, ইলেকট্রিক করাত দিয়ে দ্রুত গাছগুলো কেটে যানবাহনে করে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলের কাছেই রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় ও সড়কে চেকপোস্ট রয়েছে। এ ছাড়া এলাকায় পুলিশের টহলও থাকে। তারপরও ১৪টি বড় গাছ কেটে সরিয়ে নিতে অন্তত তিন থেকে চার ঘণ্টা সময় লাগার কথা।

তিনি অভিযোগ করেন, এতগুলো গাছ কেটে নিয়ে যাওয়া হলেও প্রশাসনের তৎপরতা দেখা যায়নি। এভাবে চলতে থাকলে সংরক্ষিত বন ও সামাজিক বনের গাছপালা নিরাপদ থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একসঙ্গে এতগুলো গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা বড় কোনো চক্রের কাজ হতে পারে। খবর পাওয়ার পর তিনি বন বিভাগ, থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। তদন্তের মাধ্যমে গাছ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার বলেন, গাছ চুরির বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং এ নিয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় তিনি ফিরে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর