মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১০ বছর বয়সী কৃত্তিকাকে দেবীজ্ঞানে কুমারী পূজা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ১২:২৪:৩৯ অপরাহ্ন

হবিগঞ্জে ১০ বছর বয়সী কৃত্তিকাকে দেবীজ্ঞানে কুমারী পূজা


শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে হবিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে এ পূজার আয়োজন করা হয়।

এ বছর কুমারী হিসেবে পূজিত হয় চট্টগ্রামের আনোয়ারা এলাকার ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির ছাত্রী কৃত্তিকা চক্রবর্তী।

সকাল থেকেই পূজা দেখতে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। পূজার আনুষ্ঠানিকতায় কৃত্তিকাকে দেবীজ্ঞানে আসনে বসিয়ে ফুল, ধূপসহ বিভিন্ন উপাচারে পূজা করা হয়। এ সময় ভক্তরা দেবী দুর্গার আশীর্বাদ কামনা করেন।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নারীর মধ্যে মাতৃশক্তির প্রকাশ ও পবিত্রতার প্রতীক হিসেবে কুমারী পূজা করা হয়। পূজার ধর্মীয় আবহে ভক্ত-দর্শনার্থীরা দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

পূজা দেখতে আসা এক ভক্ত বলেন, “কুমারী পূজা দেখতে এসে খুব ভালো লাগছে। ধর্মীয় আচার ও ভক্তির মধ্য দিয়ে আমরা দেবী দুর্গার আশীর্বাদ কামনা করছি।”

হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ বলেন, দীর্ঘ ১০৫ বছর ধরে মিশনে এ ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্মীয় ঐতিহ্য ও ভক্তির ধারাবাহিকতায় এবারও যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর