মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৪:৫১:৫৪ অপরাহ্ন

চুনারুঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১


হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম চৌধুরী (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই বন্ধু মাহি (১৯) ও শুভ (২২)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু রোববার রাতে আমু চা-বাগানে ঘুরতে গিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

নিহত ফাহিম চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহত মাহি একই উপজেলার দুধপাতিল গ্রামের বাসিন্দা এবং শুভ বিলপাড় গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। পরে তাঁদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহি ও শুভকে রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর