শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

মাধবপুরে অসহায় পরিবারের জন্য ২২৮টি টিউবওয়েল স্থাপন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৮:৩৭:২৯ অপরাহ্ন

মাধবপুরে অসহায় পরিবারের জন্য ২২৮টি টিউবওয়েল স্থাপন


হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের নিরাপদ পানির ব্যবস্থা করতে ২২৮টি টিউবওয়েল বিতরণ ও স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মো. মোত্তাকিম চৌধুরীর তত্ত্বাবধানে এবং একটি বেসরকারি সংস্থার সৌজন্যে এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের প্রয়োজন বিবেচনায় টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করা হয়।

উদ্যোক্তাদের আশা, দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকটে থাকা পরিবারগুলো এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হবে।

টিউবওয়েল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে ইমাম সুমন, সাবেক ইউপি সদস্য ছাদেক মিয়া, আব্দুল হামিদ তালুকদার, মো. হামিদ খান, আউস মিয়া ও ফজল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতারা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

মো. মোত্তাকিম চৌধুরী বলেন, “বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সুবিধাবঞ্চিত পরিবারগুলোর নিরাপদ পানির সংকট দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

টিউবওয়েল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবারের সদস্যরা। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতাও জানান তাঁরা।

স্থানীয়দের মতে, টিউবওয়েল স্থাপনের ফলে পরিবারগুলোর দৈনন্দিন পানির চাহিদা পূরণ সহজ হবে। পাশাপাশি বিশুদ্ধ পানি ব্যবহারের মাধ্যমে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে বলেও তাঁরা আশা করছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর