সিলেট বিভাগে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যু এবং সংক্রমণ বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০ জন, আর সন্দেহভাজন হামে ১৯০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে বিয়ানীবাজার উপজেলার এক বছর, কোম্পানীগঞ্জ উপজেলার নয় মাস এবং হবিগঞ্জের তিন মাস। তিন শিশুরই মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ১১৫ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৪ জন। তাঁদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে, সন্দেহভাজন হামে সিলেটে ৭৯ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে সিলেট ও হবিগঞ্জে চারজন করে এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে মারা গেছেন।
আজকের সিলেট/ জেকেএস









