শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সিলেটে ১ লাখ ২৩ হাজার টাকার ভারতীয় টমেটোসহ পিকআপ আটক, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০১:২০:৩৩ অপরাহ্ন

সিলেটে ১ লাখ ২৩ হাজার টাকার ভারতীয় টমেটোসহ পিকআপ আটক, গ্রেপ্তার ২


সিলেটে পুলিশের চেকপোস্টে সংকেত অমান্য করে পালানোর চেষ্টার সময় ভারতীয় টমেটো বোঝাই একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এয়ারপোর্ট থানার পাটানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৩২ কেজি টমেটোসহ গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দীসহ পুলিশের একটি দল। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপটি আটক করা হয়। গাড়িতে থাকা দুজনকেও আটক করা হয়।

পরে পিকআপটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো পাওয়া যায়। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের গোয়াইনঘাট থানার বালেশ্বর খাগড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. শায়েখ (২০) এবং জৈন্তাপুর থানার কালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলাল (৪৫)।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর