হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার দুজনের মধ্যে মো. শাহিন মিয়া (৪৬)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টিসহ মোট ১৯টি মামলা রয়েছে। অন্যদিকে আফজল মিয়া প্রকাশ আবদাল মিয়া (৫০)-এর বিরুদ্ধে একই আইনে ২টিসহ ৩টি মামলা রয়েছে।
শনিবার রাতে দক্ষিণ লেঞ্জাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।
গ্রেফতার শাহিন মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। অপর ব্যক্তি আফজল মিয়া প্রকাশ আবদাল মিয়া পূর্ব লেঞ্জাপাড়া এলাকার আব্দুর রশিদ প্রকাশ রওশন আলীর ছেলে।
পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মুসার দিকনির্দেশনায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লেঞ্জাপাড়ায় শাহিন মিয়ার নির্মাণাধীন টিনের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন শাহিন মিয়া ও আফজল মিয়া। তবে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে শায়েস্তাগঞ্জ থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম, এসআই (নিঃ) নয়নমনি দেব, এএসআই (নিঃ) মো. শাহজালালসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
ওসি মো. আবুল কালাম বলেন, শাহিন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। আফজল মিয়া প্রকাশ আবদাল মিয়ার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টিসহ ৩টি মামলা রয়েছে।
পুলিশের উদ্ধার করা ইয়াবার ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই নয়নমনি দেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করেছেন। মামলাটি শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








