হার্ভার্ডের আইন অনুষদে পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা দাশ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ PM

হার্ভার্ডের আইন অনুষদে পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা দাশ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ১২:২২:৫০ PM

হার্ভার্ডের আইন অনুষদে পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা দাশ


হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়াশোনার সুযোগ পেয়েছেন। তাঁর এই অর্জনে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। চুনারুঘাট পৌর এলাকায় হয়েছে মিষ্টি বিতরণও।

বিশ্বের অন্যতম সেরা আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও আইনজীবী মিশেল ওবামা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইসসহ অনেকে এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন।

দীপ্তিতার বাবা দিলীপ দাশ ও মা মিতা দাশ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। তাঁর প্রয়াত দাদা নিরঞ্জন দাশ ছিলেন চুনারুঘাট মধ্যবাজারের ‘নিরঞ্জন সিটি’র মালিক।

দীপ্তিতার হার্ভার্ডে পড়ার সুযোগ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে চুনারুঘাট পৌর এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়। স্থানীয়রা তাঁর এই সাফল্যকে এলাকার জন্যও গৌরবের বলে উল্লেখ করেছেন।

দীপ্তিতার চাচা সজল দাস বলেন, ‘এমন একটি প্রতিষ্ঠানে দীপ্তিতা দাশের পড়ার সুযোগ নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়।’

দীপ্তিতা দাস বলেন, পড়াশোনা শেষ করে দেশের কল্যাণে কাজ করতে চান তিনি। এ জন্য সবার কাছে আশীর্বাদও কামনা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর