জরিমানার পরও সিলেট রুটে অনুমোদনহীন স্লিপার কোচ চলাচল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ PM

জরিমানার পরও সিলেট রুটে অনুমোদনহীন স্লিপার কোচ চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৩:২০:৩১ PM

জরিমানার পরও সিলেট রুটে অনুমোদনহীন স্লিপার কোচ চলাচল


বারবার জরিমানা ও সতর্ক করার পরও সিলেট রুটে অনুমোদনহীন স্লিপার কোচ চলাচল বন্ধ হয়নি। এবারও তিনটি পরিবহনের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

র‌্যাবের গণমাধ্যম শাখা রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জানায়, শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সুনামগঞ্জের মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন স্লিপার কোচ পরিচালনার দায়ে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার, শ্যামলি পরিবহনের মালিককে ৩০ হাজার এবং ইম্পেরিয়েল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের কদমতলী ও সুনামগঞ্জের মল্লিকপুর বাসস্ট্যান্ডে এর আগেও এই তিনটি প্রতিষ্ঠানকে একাধিকবার জরিমানা করা হয়েছিল। পাশাপাশি অনুমোদনহীন স্লিপার কোচ পরিচালনা না করতে সতর্ক করা হয়। তবে এসব পদক্ষেপের পরও বাসগুলোর চলাচল অব্যাহত রয়েছে।

মল্লিকপুর এলাকার এক পরিবহন শ্রমিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জরিমানা করে এসব বাসের চলাচল স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়। তাঁর ভাষায়, ‘ইতা জরিমানা করিয়া বন্ধ করা সম্ভব অইতোনায়। লুকোচুরি খেলা চলতেউ থাকবো। ই জাতীয় বাসগুলো রাস্তা থাকি স্থায়ীভাবে তুলি দিওয়া জরুরী।’

অনুমোদনহীন স্লিপার কোচ নিয়ে ঝুঁকির বিষয়টিও সামনে এসেছে সাম্প্রতিক একটি দুর্ঘটনার পর। সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাঁপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে ৯ জন নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের যাত্রী।

ওই ঘটনার পর প্রশাসন অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান জোরদার করে। এরপর থেকে এ নিয়ে অন্তত তিনবার বাসগুলোকে জরিমানা করা হয়েছে। তবে বারবার ব্যবস্থা নেওয়ার পরও সিলেট রুটে এসব কোচের চলাচল অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর