শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দির-ঠাকুরঘরে চুরি
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ PM

শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দির-ঠাকুরঘরে চুরি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১০:২৩:৩০ AM

শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দির-ঠাকুরঘরে চুরি


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাত্র দুই রাতের ব্যবধানে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটেছে। ভুনবীর ইউনিয়নের ভীমসী, বাবুর বাজার, শাসন ও ভুনবীর গ্রামের বিভিন্ন মন্দির ও পারিবারিক ঠাকুরঘরে এসব চুরি হয়। এ সময় পিতলের মূর্তি, পিতল ও কাঁসার পূজার সামগ্রী এবং প্রণামির বাক্সের নগদ টাকা নিয়ে যায় চোরেরা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ৩ সেপ্টেম্বর রাতে ভুনবীর ইউনিয়নের ভীমসী বাজার ও আশপাশের কয়েকটি বাড়ির মন্দিরে চুরি হয়। ওই রাতেই একটি সর্বজনীন ও তিনটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে।

এর দুই দিন পর ৫ সেপ্টেম্বর রাতে শাসন গ্রামের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে চুরি হয়। একই রাতে শ্রী মানবেন্দ্র ভট্টাচার্য, নারায়ণ ভট্টাচার্য ও সুধা ভট্টাচার্যের বাড়ির ঠাকুরঘরেও চোরেরা হানা দেয়। স্থানীয়রা জানান, এসবের মধ্যে একটি সর্বজনীন ও তিনটি পারিবারিক মন্দির রয়েছে।

চোরেরা বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরে প্রবেশ করে প্রণামির বাক্স ভেঙে টাকা নিয়ে যায়। পাশাপাশি পূজায় ব্যবহৃত পিতল ও কাঁসার বাসনপত্র এবং পিতলের তৈরি মূর্তিও চুরি হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ভুনবীর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শনিবার ভোররাতের কোনো একসময় এসব চুরির ঘটনা ঘটে। পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে দুই রাতে মোট আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরি হয়েছে।’

পাত্রকুল শ্রীশ্রী শিববাড়ি পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জীবন দেব বলেন, এসব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মানুষের মধ্যে আতঙ্ক যাতে আরও না ছড়ায়, সে জন্য দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘শুক্রবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ আবার ঘটনাস্থলে যাওয়া হচ্ছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’

তিনি জানান, এখনো মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর