তিন দশকের পথচলা উদযাপনে শাবিপ্রবির ‘শিকড়’-এর বর্ণাঢ্য আয়োজন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ PM

তিন দশকের পথচলা উদযাপনে শাবিপ্রবির ‘শিকড়’-এর বর্ণাঢ্য আয়োজন

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৯:২৭:৩৪ AM

তিন দশকের পথচলা উদযাপনে শাবিপ্রবির ‘শিকড়’-এর বর্ণাঢ্য আয়োজন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘তিন দশকে শিকড়’ শীর্ষক এ আয়োজন।

‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৯৫ সালের ১৯ নভেম্বর যাত্রা শুরু করেছিল সংগঠনটি। দীর্ঘ তিন দশকে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও চিত্রকলাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার পাশাপাশি মুক্তবুদ্ধি ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রেখে আসছে ‘শিকড়’।

৩০ বছর পূর্তির আয়োজনকে ঘিরে বর্তমান ও প্রাক্তন সদস্যদের মিলনমেলার পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এবং আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরাও অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, তিন দশকের সাংস্কৃতিক পথচলার স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠবে প্রাণবন্ত।

দুই দিনের কর্মসূচি

১১ সেপ্টেম্বর (শুক্রবার)

সকাল ৯ টায় কিট বিতরণের মধ্য দিয়ে শুরু হবে প্রথম দিনের কার্যক্রম। সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে শোভাযাত্রা এবং বেলা ১১ টায় কেক কাটার আয়োজন রয়েছে।

বিকেল ৪ টায় রিপোর্টিংয়ের পর বিকেল ৫ টায় পরিবেশনায় অংশ নেবেন শিকড়-এর বর্তমান সদস্যরা। রাত ৮ টায় মঞ্চে উঠবেন সংগঠনের প্রাক্তন সদস্যরা। এরপর রাত ১০ টায় থাকবে আড্ডা ও রাতের খাবার।

১২ সেপ্টেম্বর (শনিবার)

দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে সকাল ১০ টায় আড্ডা ও খেলাধুলার মধ্য দিয়ে। এ পর্বে রঙ খেলা, চ্যারেডস, চকলেট দৌড় ও পিলো পাসিংসহ বিভিন্ন খেলা থাকবে। দুপুর ১ টায় দুপুরের খাবারের পর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা।

বিকেল ৫ টায় ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে মণিপুরী নৃত্য। সন্ধ্যা ৭ টায় পরিবেশনায় থাকবে বাউল গোষ্ঠী। সবশেষে রাত সাড়ে  ৮ টায় বিশেষ অতিথির পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী আয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন সদস্য, সংস্কৃতিকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য শিকড়-এর পক্ষ থেকে বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।

যোগাযোগ:

মোহাম্মদ মিনহাজ, সভাপতি, শিকড়।

মোবাইল: +৮৮০ ১৭৯২-৮৮৬৮১৯

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর