তেলিয়াপাড়া চা বাগানে ভারতীয় মাদকের কেনাবেচার অভিযোগ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ AM

তেলিয়াপাড়া চা বাগানে ভারতীয় মাদকের কেনাবেচার অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১০:০৭:১৭ AM

তেলিয়াপাড়া চা বাগানে ভারতীয় মাদকের কেনাবেচার অভিযোগ


হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি এলাকায় ভারতীয় মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাগানের বিভিন্ন স্থানে মাদকের আসর বসায় কিশোর ও তরুণদের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নতুন টিলার ‘বুলেট’ এলাকা, উড়িষ্যা লাইন এবং তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের কয়েকটি স্পট গড়ে উঠেছে। এসব জায়গায় ফেনসিডিল, স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে বলে দাবি তাদের।

নতুন টিলার ‘বুলেট’ এলাকায় চন্দ্র গোয়ালা নামে এক ব্যক্তি ভারতীয় স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, চন্দ্র গোয়ালার সঙ্গে কয়েকজন যুবক মাদক বিক্রির কাজে জড়িত। এমনকি বিক্রির জন্য তরুণদেরও ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের।

তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার নিয়েও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, কিছুদিন আগেও স্টেশন বাজার এলাকায় মাদক কেনাবেচা বা সেবনের কোনো নির্দিষ্ট স্পট ছিল না। সম্প্রতি স্টেশনের পূর্ব পাশে এমন আসর বসছে।

স্থানীয়দের দাবি, রাজশাহী থেকে আসা এক ব্যক্তি বর্তমানে স্টেশন এলাকায় বসবাস করছেন এবং সেখানে মাদক কেনাবেচা ও সেবনের আসর বসিয়েছেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় থাকার সময়ও ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল বলে জানান তারা। স্থানীয়দের প্রতিবাদের মুখে তিনি ওই এলাকা ছেড়ে তেলিয়াপাড়ায় আসেন বলে তাদের ভাষ্য।

বাসিন্দারা জানান, প্রতিদিন আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক কিশোর ও তরুণ মোটরসাইকেলে করে তেলিয়াপাড়া চা বাগানে আসেন। তাদের একটি অংশ ফেনসিডিল, স্কাফ সিরাপ ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে জড়িত বলে অভিযোগ রয়েছে।

মাদকের এমন সহজলভ্যতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় অভিভাবকরাও। তাদের আশঙ্কা, বাগানের সামাজিক পরিবেশের পাশাপাশি উঠতি বয়সী কিশোর ও তরুণদের ভবিষ্যৎও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা তেলিয়াপাড়া চা বাগানের বিভিন্ন এলাকায় দ্রুত মাদকবিরোধী অভিযান চালানোর পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর