জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ PM

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৮:২৮:৪৪ PM

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা


সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি ও পুলিশের সহযোগিতায় টাস্কফোর্সের অভিযানে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্ট ইজারাদারকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ দেওয়া হবে না। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর