পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার বেলা ১১টায় শহরে আয়োজিত কর্মসূচিতে তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পৌর শহরের আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে পথসভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম।
সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল।
সভাপতির বক্তব্যে আমিনুর রশিদ আমিন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার ছাত্র-জনতা ও নেতাকর্মীকে হত্যা করেছে। আবারও তারা দেশে রক্তের রাজত্ব কায়েম করার অশুভ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই জনগণের অধিকার ও দেশের অগ্রগতি থামাতে পারবে না।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্টদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলই মাঠে যথেষ্ট।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস বলেন, দীর্ঘ ১৭ বছর সন্ত্রাসের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম রাখা হয়েছিল। অনেক তাজা রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশের মানুষের অধিকার আদায় হয়েছে। এই অর্জিত শান্তি বিনষ্ট করার চেষ্টা রুখে দেওয়া হবে।
প্রতিবাদ মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জুলফিকার আলম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








