সুনামগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাদ গ্রেপ্তার, বুধবার আদালতে
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ AM

সুনামগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাদ গ্রেপ্তার, বুধবার আদালতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৬:৪৯:০৬ PM

সুনামগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাদ গ্রেপ্তার, বুধবার আদালতে


সিলেট নগরীর শাহপরান থানা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। মঙ্গলবার রাতে তাকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানায়, শাহপরান থানা এলাকার এক আইনজীবীর বাসা থেকে আসিফ বখ্ত রাদকে গ্রেপ্তার করা হয়। গত তিন দিন ধরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল। একপর্যায়ে সিলেট নগরীর শাহপরান থানা এলাকার একটি বাড়িতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার রাত থেকে শাহপরান থানা পুলিশের সহায়তায় বাড়িটির আশপাশে কৌশলে অবস্থান নেয় পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তারা নিশ্চিত হন আসিফ বখ্ত ওই বাড়িতেই অবস্থান করছেন। এটি তার নানার বাড়ি। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কঠোর নিরাপত্তায় সুনামগঞ্জে নিয়ে আসা হয়।

পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদ সম্প্রতি সুনামগঞ্জ শহরের হাজীপাড়া এলাকার সার্কিট হাউজের সামনে একটি মিছিল এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শহরের নতুনপাড়ায় আরেকটি মিছিল আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ মনে করছে।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের একাধিক কার্যক্রমে রাদ যুক্ত ছিলেন। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আসিফ বখ্ত রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের ভাতিজা।

নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটি সম্প্রতি বিলুপ্ত করা হয়েছে। তবে ওই কমিটির সাংগঠনিক সম্পাদক রাদ জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর