প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জের পরিবহন ধর্মঘট স্থগিত, বাস চলাচল স্বাভাবিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ PM

প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জের পরিবহন ধর্মঘট স্থগিত, বাস চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৪:৪৫:৩১ PM

প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জের পরিবহন ধর্মঘট স্থগিত, বাস চলাচল স্বাভাবিক


প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ থেকে দাবিগুলো সমাধানের আশ্বাস পাওয়ার পর হবিগঞ্জে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। এর ফলে শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি জানান, আগামী রোববার ঢাকায় এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে হবিগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে আলোচনা করা হবে।

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। আগামী রোববার ঢাকায় সভা হবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তাহলে পরবর্তীতে সবাই বসে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শুক্রবার সকাল থেকে বাস চলাচল শুরু হলেও নতুন ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, বিরতিহীন বাস ছাড়া অন্যান্য বাস চলাচল করছে।

এর আগে মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘটের প্রভাব পড়ে জেলার সড়ক যোগাযোগে। বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জের মহাসড়ক ও অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে বাধ্য হন।

পরিবহন মালিক-শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরুদ্ধে। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং কয়েকজন পরিবহন শ্রমিককে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে ঘটনার প্রতিবাদ, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

তবে প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস আসায় বৃহস্পতিবার রাতেই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আগামী রোববার ঢাকায় অনুষ্ঠিতব্য বৈঠকের দিকে তাকিয়ে আছেন হবিগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকরা। সেখানে দাবিগুলোর বিষয়ে সমাধান না হলে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর