মৌলভীবাজারের কমলগঞ্জে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্মশান মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিরন দাস পানিকা শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা। তিনি মৃত পবন দাস পানিকার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গরু চরানোর জন্য শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় যান মিরন। দুপুরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাগান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








