উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ের তাগিদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ AM

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৮:২৪:১৭ PM

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ের তাগিদ


‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ, অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শুক্রবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, উৎপাদনশীলতার মূল লক্ষ্য হলো কম খরচে অধিক উৎপাদন বা আউটপুট নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারী এবং আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের কাজের সুযোগ তৈরি করে সহজ ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে।

সিলেটের চা শিল্পের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, চা বাগানগুলোকে আরও গতিশীল ও উৎপাদনমুখী করতে জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন চা বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় প্রতিবেদন দেবে। একই সঙ্গে চা বাগানগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে আরও ছয়টি কমিটি কাজ করছে।

জেলা প্রশাসক জানান, এসব কার্যক্রমের মাধ্যমে চা বাগানগুলোর সমস্যা চিহ্নিত করার পর তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ট্রেড লাইসেন্স প্রাপ্তি এবং জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার জন্যও কাজ চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং ফুলকলি ফুডের উপমহাব্যবস্থাপক জসীম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সিলেটের উপমহাব্যবস্থাপক সোহেল হাওলাদার।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর