রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রোববার দলটির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর নাম ঘোষণা করে। আগামী ১৬ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হবে।
চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে মে মাসের বিধানসভা নির্বাচনে তৃণমূল পরাজিত হওয়ার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় দলবদলের পর্ব। এর মধ্যেই গত ১৬ জুলাই সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর থেকেই বিজেপিতে তাঁর যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল।
এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভা উপনির্বাচনে তাঁকেই প্রার্থী করল বিজেপি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল ৬ অক্টোবর। তার আগেই বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিতে পারেন অভিনেত্রী।
রাজ্যসভায় এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হিসেবে ফিরে গেছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই। তাঁদের পর এবার কোয়েল মল্লিককেও একই ধারাবাহিকতায় প্রার্থী করল বিজেপি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার দিনই ভোটগণনা সম্পন্ন হবে।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








