শাল্লায় তরুণী অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ AM

শাল্লায় তরুণী অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০২:৩৯:১৮ PM

শাল্লায় তরুণী অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে


সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণীর বাবা রোববার (৪ অক্টোবর) দুপুরে বাপনের বিরুদ্ধে শাল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন। মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

অভিযোগকারী বাবা জানান, তার ২০ বছর বয়সী মেয়েকে বাপন অপহরণ করে নিয়ে গেছেন। ওই তরুণী উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক কৃষকের মেয়ে। আর অভিযুক্ত তোফাজ্জুল হক বাপন উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিরন মিয়ার ছেলে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল বলেন, ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের ওই তরুণীকে অপহরণের অভিযোগে বাপনের বিরুদ্ধে শনিবার থানায় একটি জিডি করা হয়েছিল। পরে রোববার দুপুরে তরুণীর বাবা সরাসরি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বাপনকে গ্রেপ্তার এবং তরুণীকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

তবে অভিযোগের বিষয়ে তোফাজ্জুল হক বাপনের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, বাপনের চলাফেরা ভালো না হওয়ায় এক বছর আগেই তাকে মৌখিকভাবে সংগঠন থেকে দূরে থাকতে বলা হয়েছিল। তার বিরুদ্ধে থানায় এক মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছেন তিনি। বিষয়টি জানার পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম বলেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খোঁজখবর নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাপন সক্রিয় না থাকায় তাকে আগেই মৌখিকভাবে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগের কথা তারা জানতে পেরেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মেয়েটির সঙ্গে বাপনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর