বালাগঞ্জে ৩ কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগে এলাকাবাসী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৭ AM

বালাগঞ্জে ৩ কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগে এলাকাবাসী

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৩:৫৬:৪৭ PM

বালাগঞ্জে ৩ কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগে এলাকাবাসী


বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও এই পথে চলাচলকারী মানুষ। প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, আবার কোথাও ভেঙে গেছে পাকা অংশ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি-কাদা জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, বালাগঞ্জ-তাজপুর সড়কের আদিত্যপুর থেকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের গহরমলি পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দুটি গুরুত্বপূর্ণ সড়কের মধ্যবর্তী সংযোগপথ। ফলে স্থানীয় যোগাযোগে এর গুরুত্ব থাকলেও দীর্ঘদিন ধরে এর সংস্কার হয়নি।

বৃষ্টির সময় সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়। চাকার নিচে গর্ত পড়লে যানবাহন হেলে-দুলে চলাচল করে। এতে প্রতিদিনই দুর্ভোগের মুখে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। এর পাশাপাশি সড়কটি অত্যন্ত সরু। পিচ করা অংশের বাইরে দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় দুটি ছোট গাড়িও পাশাপাশি অতিক্রম করতে পারে না। পাশ কাটানোর জায়গা না থাকায় প্রায়ই দীর্ঘ সময় যানবাহনের জট তৈরি হচ্ছে।

এ অবস্থায় দ্রুত সড়কটির সংস্কারের পাশাপাশি দুই পাশে মাটি ভরাটের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সড়কটি প্রশস্ত ও সংস্কার করা হলে চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, সড়কটি খুবই ছোট। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি আরও বেহাল হয়ে পড়েছে। কিছুদিন আগে সংস্কারের জন্য সিলেট-৩ আসনের এমপি এমএ মালিক সাহেবকে সড়কটি দেখিয়েছেন তিনি। আশা রাখেন, শিগগিরই বরাদ্দ অনুমোদন হবে।

বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সংস্কারের জন্য তারা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর