সিলেটের কোম্পানীগঞ্জে বালুবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই হাজার বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। পুলিশের হিসাবে জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ লাখ টাকা। এ ঘটনায় ট্রাকটিতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানা সদর পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩০) এবং সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৩০)।
পুলিশ জানায়, সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানা সদর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় বালুবাহী ট্রাকটি থামিয়ে তল্লাশি করলে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাওয়া যায়।
পরে মদগুলো গণনা করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় আড়াই হাজার বোতল পাওয়া যায়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








