ছাতকে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার, অভিযান টের পেয়ে পালাল ৩-৪ জন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ PM

ছাতকে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার, অভিযান টের পেয়ে পালাল ৩-৪ জন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৩:২২:৪৪ PM

ছাতকে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার, অভিযান টের পেয়ে পালাল ৩-৪ জন


সুনামগঞ্জের ছাতকে একটি বসতবাড়ির সামনে থেকে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। অভিযানের সময় ঘটনাস্থলে থাকা মাদক কারবারে জড়িত সন্দেহের ৩-৪ জন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সোমবার (৫ অক্টোবর) রাতের এ অভিযান চালানো হয় ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপন এলাকার বড় কাপন বাজারসংলগ্ন একটি কাঁচা রাস্তায়। এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যায়।

এসআরবি-৯-এর ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় একটি বসতবাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে দলটি ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পড়ে থাকা তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর