জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ PM

জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৫:২৮:৪৫ PM

জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী


দেশের জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন স্থাপনা তৈরির আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার জন্য একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

আমিনুল হক বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন সম্ভাবনাময় খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে। এ জন্য দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।

তাঁর মতে, খেলাধুলার সুযোগ বাড়লে তরুণদের মাদকসহ বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সুস্থভাবে গড়ে তোলার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মৌলভীবাজারের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার প্রসঙ্গে আমিনুল হক বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য বাড়ানোর লক্ষ্যও তুলে ধরেন তিনি। বলেন, শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করার সক্ষমতা তৈরি করতে চায় সরকার। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম নেওয়া হয়েছে।

আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর