হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মৎস্য খাদ্য এবং পশু খাদ্য সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইন অমান্যের দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর আওতায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে নোয়াপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মোত্তালিব, পিতা আব্দুল কদ্দুসকে ৫ হাজার টাকা এবং জালাল মিয়া, পিতা আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পণ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








