ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই অতনু ক্লোজড
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ PM

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই অতনু ক্লোজড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৯:১৮:০১ AM

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই অতনু ক্লোজড


হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই অতনু বণিককে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের আদেশে অতনু বণিককে ক্লোজড করা হয়। একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্তে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিউর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে এএসআই অতনু বণিক টাকা নিচ্ছেন এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি নজরে আসার পরই বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, ভিডিওটি নজরে আসার পর অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই থানায় পরপর দুই এএসআইকে ঘিরে ঘুষের অভিযোগ সামনে আসায় চুনারুঘাট থানা পুলিশের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

এর আগে সোমবার (৫ অক্টোবর) একই থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষ গ্রহণসংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর তাকেও চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

দুই এএসআইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে পুলিশ প্রশাসন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর