তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ AM

তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৪:৪৯:৪৯ PM

তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬


ফুটবল খেলা নিয়ে কয়েক দিনের পুরোনো বিরোধ গড়াল রক্তক্ষয়ী সংঘর্ষে। সুনামগঞ্জের তাহিরপুরে শনির হাওর পাড়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের বাসিন্দাদের সঙ্গে মধ্য তাহিরপুরের ময়মনসিংহ হাটির বাসিন্দাদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।

ওই ঘটনার জেরে মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের একটি মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। মাইকে স্থানীয় লোকজনকে শনির হাওর পাড়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল বলেও জানা গেছে।

এরপর বুধবার দুপুরে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শনির হাওর পাড়ে জড়ো হন। সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত ছয়জন গুরুতর আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল বলেন, ‘সারা রাত ওই গ্রামগুলোতে পুলিশ মোতায়েন ছিল। স্থানীয়দের সংঘর্ষে না জড়াতে সতর্কও করা হয়েছিল। এরপরও তারা সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবির একটি দল ঘটনাস্থলে ছিলেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর