মাছ ধরার জালে পেঁচিয়ে বিপাকে পড়েছিল একটি অজগর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের রউয়া বিলে আটকে পড়া সাপটিকে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল।
আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে জালমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো একসময় রউয়া বিলে মাছ ধরার জন্য পাতা জালে অজগরটি আটকে পড়ে। সকালে বিষয়টি দেখতে পান স্থানীয় বাসিন্দা সাইদুল হক। পরে তিনি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় তাঁরা জালে আটকে থাকা অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত উদ্ধার করা সম্ভব না হলে দীর্ঘ সময় জালে পেঁচিয়ে থাকার কারণে অজগরটি মারা যেতে পারত। তবে শেষ পর্যন্ত অক্ষত অবস্থাতেই সেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা অজগরটির স্বাস্থ্যপরীক্ষা করা হবে। এরপর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








