ভুটান সফরে যাওয়ার পথে বাংলাদেশে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সবকিছু ঠিক থাকলে রোববার ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই শীর্ষ কর্মকর্তা। তবে তাঁর ঢাকায় অবস্থানের সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।
ইনফান্তিনোর সম্ভাব্য এই যাত্রাবিরতিকে সামনে রেখে আগাম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সূত্র জানায়, সব বিমান সরাসরি ভুটানের রাজধানী থিম্পুতে যাতায়াত করতে না পারায় ট্রানজিটের সম্ভাবনা তৈরি হয়েছে। ফিফা সভাপতি বাংলাদেশে অবস্থান করলে তাঁর ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করার ব্যবস্থা নিয়ে গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন বাফুফের সাধারণ সম্পাদক।
সূত্রের তথ্য অনুযায়ী, ইনফান্তিনো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যাত্রাবিরতি করলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘ফিফা আসিয়ান কাপ’ চলাকালে ফিফা সভাপতির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। ইনফান্তিনো এবার ঢাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান করলে তাবিথ আউয়ালের সঙ্গে তাঁর আবারও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








