শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

মজুরি আদায়ে হবিগঞ্জের চার চা বাগানে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৬:৫৫:৪৮ অপরাহ্ন

মজুরি আদায়ে হবিগঞ্জের চার চা বাগানে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি


মজুরি-সংক্রান্ত সমস্যার সমাধান ও দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকরা। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তাঁরা। প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

বুধবার দুপুরে চুনারুঘাটের লালচাঁদ চা বাগানের মন্দিরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে লালচাঁদ, দেউন্দি, গিলানী ও নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন লাল সাঁওতাল।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মজুরি-সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা কর্মবিরতি পালন করতে বাধ্য হচ্ছেন। বর্তমান মালিকপক্ষের প্রতি অনাস্থা প্রকাশ করে তাঁরা জানান, মজুরি আদায়ের দাবিতে তাঁদের অবস্থান এক দফা, এক দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে শ্রমিক নেতারা জানান, আগামী ১ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করবেন তাঁরা। সেখানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

তাঁরা আরও বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

সমাবেশে বক্তব্য দেন দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, ইউপি সদস্য দুলাল ঘোষ, কার্তিক বাকতি, লক্ষ্মীকান্ত রায় ও দেউন্দি চা বাগানের শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর