রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৯:৪০:১৮ পূর্বাহ্ন

২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ


পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ দিতে ২০৩০ সাল পর্যন্ত তালিকাভুক্ত সিকিউরিটিজের মূলধনি মুনাফায় পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য এ সুবিধা চাওয়ার পাশাপাশি লেনদেন ও বাজারে তারল্য বাড়ানোর বিষয়টিও প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছে সংগঠনটি। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ এ তথ্য জানায়।

সংগঠনটির পক্ষ থেকে গত বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

ডিবিএর প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি মুনাফার ৫০ লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতির যে সুবিধা রয়েছে, তা তুলে দিয়ে পূর্ণ কর অব্যাহতি পুনর্বহাল করা উচিত। বর্তমানে ৫০ লাখ টাকার বেশি মুনাফার ওপর সাধারণভাবে ১৫ শতাংশ কর দিতে হয়। এ ছাড়া বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের করব্যবস্থা পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ডিবিএর ভাষ্য, মূলধনি মুনাফায় কর অব্যাহতি দেওয়া হলে পুঁজিবাজারে লেনদেন বাড়তে পারে। একই সঙ্গে বিনিয়োগকারীরা অর্জিত মুনাফা পুনরায় বাজারে বিনিয়োগে উৎসাহিত হবেন। এর ফলে দেশীয় সঞ্চয়ের উৎপাদনশীল ব্যবহার বাড়বে এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর ইকুইটি অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে।

প্রস্তাবে আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান সংশোধনের কথা বলা হয়েছে। এতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন এবং নির্ধারিত কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থায় নিষ্পত্তি হওয়া যোগ্য লেনদেন থেকে অর্জিত মূলধনি মুনাফা করমুক্ত করার সুপারিশ করেছে ডিবিএ। তবে স্পনসর, পরিচালক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদ্যমান করব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দিয়েছে সংগঠনটি।

ডিবিএ জানিয়েছে, সেন্ট্রাল কাউন্টারপার্টি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে মূলধনি মুনাফা নিরূপণ ও কর হিসাবের প্রক্রিয়া সহজ হবে। এ বিবেচনায় সিসিবিএলের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব করব্যবস্থা নিশ্চিত করা গেলে পুঁজিবাজারে আস্থা বাড়বে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত হবে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর অর্থায়নের সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ পুঁজিবাজারের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নেও সহায়ক হতে পারে।

প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতিগত ও আইনগত পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ডিবিএ। পুঁজিবাজারের উন্নয়নে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংগঠনটি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর