ছবি : মো. সোহেল মিয়া
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মাজার প্রাঙ্গণে একটি প্রধান দানবাক্সসহ বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স বসানো হয়। দানবাক্সগুলোর নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গত শুক্রবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মাজারের বিদ্যমান দানবাক্সে তালা লাগানোর নির্দেশ দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় এবার জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সিলেটের এই দুই ঐতিহাসিক মাজারের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ছিল। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা মাজারে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গবাদিপশুসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন। তবে এসব দানের অর্থ ও সম্পদ কীভাবে ব্যবস্থাপনা করা হয় এবং কোথায় ব্যয় হয়, সে বিষয়ে সুস্পষ্ট ও নিয়মিত হিসাব সংরক্ষণের অভাব ছিল বলে অভিযোগ রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। সিলেট সিটি করপোরেশনের আবেদনের প্রেক্ষিতে পরিকল্পনা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্বচ্ছতার বিষয়টি উঠে আসে। পরবর্তীতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে ওয়াক্ফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন এবং মাজার ও মাদরাসা পরিচালনা কমিটির প্রতিনিধিদের নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাজার কর্তৃপক্ষের কাছে আয়-ব্যয়ের হিসাব চাওয়া হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা সম্ভব হয়নি বলে জানা যায়। এরপরই আর্থিক ব্যবস্থাপনাকে আরও জবাবদিহিমূলক ও স্বচ্ছ করার লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগ জোরদার করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করবে। এ সময়ের মধ্যে দানের উৎস, ব্যয়ের খাত এবং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যালোচনা করা হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে ডিজিটাল পদ্ধতিতে হিসাব সংরক্ষণ, নিয়মিত অডিট এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে মাজারের দান ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
আজকের সিলেট/এপি









