হবিগঞ্জের মাধবপুরে এক এলাকা থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে নিখোঁজ হয় চার শিশু। আর এতে করে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিশুরা হলো, উজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
নিখোঁজের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও স্থানীয় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে আমি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জেনেছি তারা গ্রামের একটি মুরগি চুরি করে খেয়ে ফেলেছে। বিষয়টি জানাজানি হলে বিচার হওয়ার ভয়ে তারা হয়তো কোথাও পালিয়ে গেছে। তবে পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








