মাধবপুরে বাজারে আগুন, পুড়ল তিন দোকান
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ PM

মাধবপুরে বাজারে আগুন, পুড়ল তিন দোকান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০১:৪৯:০৪ PM

মাধবপুরে বাজারে আগুন, পুড়ল তিন দোকান


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে আগুনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোররাতে বাজারের ব্যবসায়ী ও বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ইসলাম ট্রেডার্সের সার ও কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।

স্থানীয় সূত্র জানায়, আগুনের তীব্রতা বাড়ার একপর্যায়ে পাশের হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং এর পাশে থাকা একটি কাপড়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এতে কমপক্ষে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে তাঁর প্রতিনিধি হিসেবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর