সুনামগঞ্জ সদর থানার সামনে পুরাতন জেল রোডের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এতে দুই প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধ লক্ষাধিক নগদ টাকাসহ জরুরি কাগজপত্র নিয়ে যায় চোরেরা।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো বুধবার রাতে সুনামগঞ্জ সদর থানার সামনে জেল রোড এলাকার দোকানপাট বন্ধ করে বাসায় চলে যান ব্যবসায়ীরা। কিন্তু সকালেই এ এলাকায় অবস্থিত বিজয় স্টোর এবং এ. হান্নান চৌধুরী স্টোরে থালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পরে অন্য ব্যবসায়ীরা দুটি প্রতিষ্ঠানের তালা ভাঙা দেখে দোকানের মালিকদের কল দিলে, তারা তাৎক্ষণিক দোকানে আসেন এবং খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে থাকা পাহারাদারকে আটক করা হয়।
চুরির বিষয়ে বিজয় স্টোর-এর মালিক বিপুল দাশ বলেন, ‘প্রতিদিনের মতো রাত বারোটার পর দোকান বন্ধ করে বাসায় চলে যাই। এরপর পাহারাদার থাকে মার্কেটে। সকালে খবর পাই তালা ভেঙে দোকান চুরি হয়েছে। দোকানের ক্যাশ বাক্স থেকে ১৯ হাজার এবং একটি বাক্সে রাখা সঞ্চয়ের প্রায় ৪৩ হাজার টাকা সহ স্বর্ণালংকার ও জরুরি কাগজপত্র নিয়ে গেছে চোরেরা। তবে দোকান চুরির ঘটনায় তিনি মার্কেটের পাহারাদারকে সন্দেহ করেন।‘
একই ভাবে আরেক প্রতিষ্ঠানে চুরি হওয়া এ. হান্নান চৌধুরী স্টোরের মালিকও এই ঘটনায় পাহারাদারের সম্পৃক্ততা রয়েছে বলে জানান। পরে এই ওই পাহারাদারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, চুরি হওয়া দোকানিরা এখনও থানায় অভিযোগ জানায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি 








